সিরাজগঞ্জে ফেনসিডিল পাচার মামলায় চালক-সহকারীর যাবজ্জীবন
২০১৩ সালের এ ঘটনায় করা মামলার রায় এলো ১৩ বছর পর।
সিরাজগঞ্জে আমদানি নিষিদ্ধ ৫৩০ বোতল ভারতীয় ফেনসিডিল পাচারের মামলায় ট্রাকচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. আনিছুর রহমান।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (৩২) এবং একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)।
মামলার বরাতে এপিপি বলেন, ২০১৩ সালে ২৪ এপ্রিল রাতে যমুনা সেতু পশ্চিম থানার তৎকালীন এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ সেতুর গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় যশোর-৩-১১-১২৩৩ নম্বরের একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৫৩০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এ সময় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় এএসআই মো. জিয়াউর রহমান সেতু পশ্চিম থানায় মামলা করেন। দীর্ঘদিন মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।
