কিশোরগঞ্জে ফলের দোকানে ঢুকে পড়ল র্যাবের পিকআপ, আহত ৬
আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় র্যাব।
কিশোরগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের একটি পিকআপ ভ্যান ফলের দোকানে ঢুকে পড়েছে; এতে আহত হয়েছেন র্যাবের চার সদস্যসহ ছয় জন।
গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে; এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় র্যাব।
মঙ্গলবার ভোরে শহরের স্টেশন রোডের পাশে ফলের আড়তে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
আহত চার র্যাব সদস্য হলেন- রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮)। এ ছাড়া মাদক মামলার দুইজন আসামি ছিলেন। তাদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
অতিরিক্ত ডিআইজি মহিবুল বলেন, নেত্রকোণা থেকে মাদক মামলার দুই আসামিকে নিয়ে র্যাব, সিপিসি-২ এর কার্যালয়ে নিয়ে আসছিল পিকআপ ভ্যানটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ফলের আড়তে একটি দোকানে ঢুকে পড়ে। এতে র্যাবের চার সদস্যসহ ছয় জন আহত হয়।
আহতদের মধ্যে তিনজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
গুরুতর আহত দুই আসামিসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে; এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান অতিরিক্ত ডিআইজি।
