০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পল্টনে ‘এসি বিস্ফোরণে’ প্রাণ গেল মেকানিকের

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 01:49 PM

Updated : 06 Oct 2026, 01:49 PM

রাজধানীর নয়া পল্টনে একটি দোকানে এসি মেরামত করার সময় এর ‘কম্প্রেসর বিস্ফোরণে’ এক মেকানিক মারা গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নয়া পল্টনের ১১/১ নম্বরে 'এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস' দোকানে এই দুর্ঘটনা ঘটে। এরপর আহত ২৫ বছর বয়সি জীবন বর্মনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান এ তথ্য দিয়েছেন।

নিহতের ভাই অনিক বর্মন বলেন, সকালে ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস' নামে একটি দোকানে এসি মেরামত করছিলেন জীবন।

“হঠাৎ এসির কম্প্রেসর বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।”

জীবন বর্মনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার ভাটপাড়া গোপালপুরে। বাবার নাম সচিন বর্মন। দুই ভাইয়ের মধ্যে জীবন ছোট।

পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।