২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় শিশুকে অপহরণের পর হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

আলোচিত এ মামলার রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 09:26 PM

Updated : 07 Mar 2024, 09:39 PM

কুমিল্লার মুরাদনগরে পাঁচ বছর বয়সি শিশুকে অপহরণের পর  হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোবারক হোসেন জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের ময়নাল হোসেন, একই গ্রামের নাজমুল হাসান ও শাহিন খান।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার রবিউল হাসান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী মোবারক হোসেন বলেন, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুর রহমান নামে শিশুটিকে অপহরণ করেন তার ফুপা নাজমুল হাসান ও তার সহযোগীরা।

পরে শিশুটির ওমানপ্রবাসী বাবা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করেন তারা।

এ ঘটনায় ফারুক মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টির তদন্তের দায়িত্ব পান মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের ৩৮ দিন পর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে, আলোচিত এ মামলার রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।

শিশুর মা শাহিনুর বেগম বলেন, “ছেলেকে আর ফিরে পাব না; কিন্তু আদালতের এ রায়ে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমরা চাই, আদালতের এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়।”