১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 04:55 PM

Updated : 15 Oct 2026, 04:55 PM

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া।

দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ (২৫) উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় তার চলাচলে অসুবিধা হচ্ছিল।

এ সময় আকিদুল তাকে রাস্তা পার করে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে। পরে রাস্তার পাশের একটি বাঁশবাগানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ে পৌঁছে শিক্ষকদের বিষয়টি জানায়। পরে শিক্ষকেরা তার পরিবারের সদস্যদের খবর দেন।

পরিবারের সদস্যরা তাকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২০২১ সালের ২১ জুন শিশুটির বাবা আকিদুলের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আকিদুলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার করেছে। রায় ঘোষণার পর তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।