২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারামুক্ত রিজভী বললেন, গোটা দেশই এখন কারাগার

সাড়ে ৪ মাস পর কারাগার থেকে ছাড়া পেলেন এই বিএনপি নেতা।

কারামুক্ত রিজভী বললেন, গোটা দেশই এখন কারাগার

মুক্তির পর কারাফটকে নেতা-কর্মীদের মাঝে রুহুল কবির রিজভী।

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 08:53 PM

Updated : 25 Apr 2023, 08:53 PM

সাড়ে ৪ মাস পর জামিনে কারাগার থেকে বেরিয়ে সরকারের সমালোচনায় মুখর হলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে কারাফটকে উপস্থিত ছিলেন বিএনপির কয়েকশ নেতা-কর্মী।

সেখানে রিজভী বলেন, “বর্তমানে এ দেশের মানুষের ভোটের অধিকার যেমন নেই, তেমনি কথা বলার অধিকারও নেই। কারণ সারাদেশই এখন কারাগারে পরিণত হয়েছে। ছোট কারাগার থেকে বেরিয়ে বৃহত্তর কারাগারে প্রবেশ করেছি।”

‘গণতন্ত্রের মুক্তি’ মিললেই দেশের মানুষ সব অধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেন তিনি।

পরে কারাফটক থেকে স্ত্রী আরজুমান আরা বেগমের সঙ্গে মোহাম্মদপুরের বাসার উদ্দেশে রওনা হন রিজভী।

বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী, আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিং, ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাক, সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, মৎস্যজীবী দলের আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল হক, ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের রাশেদুল হক কারাগারের সামনে উপস্থিত ছিলেন।

বিএনপির আলোচিত ১০ ডিসেম্বরের আগে ৭ ডিসেম্বর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের মধ্যে কয়েকশ নেতা-কর্মীর সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীও গ্রেপ্তার হয়েছিলেন।

রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫০টি মামলায় তার জামিন হয়েছে। সর্বশেষ গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলায় তার জামিন মঞ্জুর হওয়ায় তার মুক্তির পথ খোলে।