২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন সদস্য

জন্ম নেওয়া শাবকদের লিঙ্গ এখনও নির্ধারণ করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 07:46 PM

Updated : 25 Oct 2023, 07:46 PM

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন সদস্য যোগ হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ১৪ অক্টোবর পার্কের মা জলহস্তী একটি শাবকের জন্ম দেয়। নিরাপত্তাসহ সার্বিক দিক বিবেচনায় কর্তৃপক্ষ বুধবার বিষয়টি গণমাধ্যমে জানায়।

রফিকুল ইসলাম জানান, নতুন সদস্য নিয়ে পার্কে এখন জলহস্তীর সংখ্যা চার-এ দাঁড়ালো। এর আগে ২০২১ সালের ২১ অক্টোবর পার্কে আরো একটি শাবকের জন্ম হয়েছিল, সেটি এখনও টিকে আছে। তবে পার্কে জন্ম নেওয়া দুটি শাবকের লিঙ্গ এখনও নির্ধারণ করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।

নতুন শাবকটি জন্মের পর থেকে পানিতেই আছে, মাঝে-মধ্যে মায়ের সঙ্গে মাথা উঁচু করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে।

পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, জলহস্তী আফ্রিকার একটি তৃণভোজী  নিশাচর প্রাণী। এরা পানিতে একবার ডুব দিয়ে ৫ মিনিট সময় পর্যন্ত থাকতে পারে; দিনের অধিকাংশ সময় পানিতেই থাকে; মাঝে-মধ্যে খাবার খেতে ডাঙায় উঠে আসে। 

প্রাণীজগতে হাতির পরই দ্বিতীয় বৃহত্তম হিসেবে জলহস্তী এক বিশেষ নাম। আকারে অন্য প্রাণীদের তুলনায় দেখতে খাটো মনে হলেও এরা খুবই মোটা। আন্তর্জাতিকভাবে ২০০৬ সালে এ প্রজাতির প্রাণীদের বিশ্বে সংকটাপন্ন হিসেবে স্থান দেওয়া হয়েছে।

একটি পূর্ণবয়স্ক জলহস্তীর ওজন এক হাজার ৫০০ কেজি পর্যন্ত হয়। ভারি শরীর নিয়েও এরা ৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। জলহস্তী গর্ভকাল ২৪০-২৮০ দিন পর্যন্ত হয়। দুই বছর পর পর একটি করে শাবকের জন্ম দিতে পারে মা জলহস্তী। ৫-৭ বছরে জলহস্তী প্রাপ্তবয়স্ক হয়ে উঠে।

আবদ্ধ অবস্থায় এরা ২৫-৩৫ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রাকৃতিক পরিবেশে আরও বেশি।

পার্ক কর্তৃপক্ষ জানায়, নিষ্ঠুর প্রকৃতির স্বভাব আছে পুরুষ জলহস্তীর। নতুন জন্ম নেওয়া শাবক যদি পুরুষ হয়, তাহলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে সন্তানকেও আক্রমণ করে হত্যা করার নজির আছে।

পার্ক কর্মকর্তা রফিকুল ইসলাম আরও বলেন, “নতুন জন্ম নেওয়া শাবকটিকে মাঝে-মধ্যেই তার জন্য নির্দিষ্ট জলাধারে দেখা যাচ্ছে। নতুন শাবকটির সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে তার মা নিজেই। শাবকটি ও তার মায়ের পুষ্টিমানের কথা বিবেচনা করে আমরা তাদের খাবারের পরিমাণও বাড়িয়েছি। আমাদের আশা, নতুন শাবকটি যদি মাদি হয় তাহলে শঙ্কামুক্ত থেকেই সে বড় হয়ে উঠছে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

বঙ্গবন্ধু সাফারি পার্ক: জেব্রা, কমন ইল্যান্ড, নীলগাই পরিবারে ৫ অতিথি