কুমিল্লায় বাস চাপায় প্রাণ গেল বাইক আরোহী দুই যুবদল নেতার
স্থানীয়দের বরাত দিয়ে চৌদ্দগ্রামের মিয়ারবাজার হাইওয়ে থানার এসআই বলেন, কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাইকটিকে চাপা দেয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় বাইক আরোহী দুই যুবদল নেতা নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকার তাজমহল হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে রাত ৯টার দিকে জানিয়েছেন চৌদ্দগ্রামের মিয়ারবাজার হাইওয়ে থানার উপ পরিদর্শক টিপু রায়।
নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের দেলোয়ার হোসেন (৪০) এবং গিলাতলী গ্রামের মোহন মিয়ার ছেলে ইরফানুল হক মানিক (৪১)।
দেলোয়ার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্যসচিব এবং মানিক একই কমিটির যুগ্ম-আহ্বায়ক বলে জানান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম।
স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে থানার এসআই টিপু রায় বলেন, কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দেলোয়ারদের বাইকটিকে পেছন থেকে চাপা দেয়। এতে বাইকটি বাসের নিচে চলে গেলে দেলোয়ার-মানিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাস ও বাইকটি ফাঁড়িতে আনা হয়েছে জানিয়ে টিপু রায় বলেন, বাসের চালক ও তার সহকারী পালিয়েছেন।
হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ দুটি নিয়ে গেছেন জানিয়ে টিপু বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসপি
