২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশকে মারধর করে ছাত্রলীগ নেতাসহ ৩ জন কারাগারে

ওসি বলেন, “পুলিশ পরিচয় দেয়ার পরেও তাকে মারধর করেছে তারা। এরা নব্য আওয়ামী লীগ হয়ে ধরাকে সরা জ্ঞান করেছে।”

বরিশালে পুলিশকে মারধর করে ছাত্রলীগ নেতাসহ ৩ জন কারাগারে

আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 02:28 PM

Updated : 09 Apr 2023, 02:27 PM

মোটরসাইকেলের চাকা পায়ে আঘাতের জেরে পুলিশ কনস্টেবলকে মারধর করায় বরিশালে এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগৈলঝাড়া উপজেলার বিএইচপি একাডেমির সামনে ওই পুলিশ কনস্টেবল মারধরের শিকার হন বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার। 

হামলার শিকার আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

এ ঘটনার পর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করা হয়। আটক অন্যরা হলো মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

ওসি গোলাম ছরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনস্টেবল ভুদেব ডিউটি শেষে থানায় ফিরছিলেন। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে তার মোটরসাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে।

“তখন পুলিশ পরিচয় দেয়ার পরেও তাকে মারধর করেছে তারা। এরা নব্য আওয়ামী লীগ হয়ে ধরাকে সরা জ্ঞান করেছে। এরা দলের জন্য ক্ষতিকর।” 

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের ওই সদস্য সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এসেছিলেন। তার ফিজিক্যাল এ্যাসাল্ট ছিলো। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।” 

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নামাজে ছিলাম। নামাজ শেষে বের হয়ে শুনেছি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি থেকে জাকির পাইককে আটক করেছে পুলিশ।

“প্রশাসনের গায়ে হাত দেওয়া সমর্থন করি না। যদি সে অন্যায় করে তার শাস্তি পাওয়া উচিত।” 

দলীয় কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মিন্টু সেরনিয়াবাত বলেন, “এটা তো আমি নিতে পারবো না।” 

পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, কনস্টেবল ভুদেব থানায় এসে বিষয়টি জানালে অভিযান করে জাকির পাইক ও সহযোগীদের আটক করা হয়। 

তিনি আরও জানান, রোববার সকালে এ ঘটনায় ভুদেব বিশ্বাস বাদী হয়ে মামলা করেন। পরে আটকদের আদালতে নেওয়া হলে জাকির পাইক, মনির পাইক ও জহিরুল হক পাইককে কারাগারে পাঠান আদালত।