শরীয়তপুরে দুদকে অভিযোগকারীর পা ভেঙে দেওয়ায় মামলা, গ্রেপ্তার ১
অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
শরীয়তপুরে দুদকে অভিযোগকারীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে; এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ওই অভিযোগকারী বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন বলে পালং মডেল থানার ওসি আক্তার হোসেন জানান।
আহত এসকেন্দার ঢালী মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিসিকের ডিএম আমার একটি ফাইল আটকে রেখে ঘুষ নিয়েছেন। আমি দুদকের কাছে অভিযোগ করি, তখন দুদক তাকে হাতেনাতে আটক করে। ওই ঘটনার জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের কোটাপাড়া এলাকায় সড়ক থেকে তুলে নিয়ে তার লোকজন আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার বাম পা ভেঙে দিয়েছে। আমি বাদী হয়ে শরীয়তপুর আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন চৌকিদারসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করি।”
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সোবাহান বলেন, “এসকেন্দারের অবস্থা অবনতি হওয়ায় তাকে আজ ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।”
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ব্যবসায়ী এসকেন্দার ঢালী (৪৫) কাছ থেকে ঘুষ নেওয়ার সময় বিসিকের উপ-ব্যবস্থাপক (ডিএম) মোহাম্মদ মনির হোসেনকে গত বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে দুদক।
এসকেন্দার ঢালীর স্ত্রী সুমি আক্তার বলেন, “গতকাল বিকালে আমার স্বামী বিসিক শিল্পনগরী থেকে শরীয়তপুর জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে কোটাপাড়া মোড়ে এলে কয়েকজন সন্ত্রাসীরা তাকে অটোরিকশা থেকে নামিয়ে পাশের একটি বিদ্যালয়ের পেছনে নিয়ে যান। সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেওয়া হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করার পর একটি অটোরিকশায় তুলে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।”
পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, মামলার ৬ নম্বর আসামিতে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
