২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বরিশালে কিশোরী ‘ধর্ষণ’: মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার জাকিরকে বরিশাল আদালতে তোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 02:18 PM

Updated : 26 Oct 2026, 02:29 PM

বরিশালের উজিরপুরে শাক তুলতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে বানারীপাড়ার কুন্দিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার সকালে এসআরবি-৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সাথী আক্তার জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার রাতে মামলা দায়েরের পর রোববার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪০ বছর বয়সী জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ড্রেজারের ব্যবসা করেন।

মামলার বরাতে এসআরবি কর্মকর্তা সাথী আক্তার জানান, জাকির হোসেন প্রায়ই ওই কিশোরীকে কুপ্রস্তাব দিতেন। গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি নির্জন ডোবা থেকে কলমি শাক তুলতে যায় ওই কিশোরী।

এ সময় তাকে একা পেয়ে ধর্ষণ করেন জাকির। এ সময় মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে জাকির পালিয়ে যান।

তিনি বলেন, “এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৮-এর সহায়তা চান।

“পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জাকিরের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। তাকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।”

গ্রেপ্তার জাকিরকে সোমবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন।