সিলেটে পিঁয়াজু বিক্রেতাকে হত্যায় একজনের যাবজ্জীবন
পিপি জানান, স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় নিজামকে হত্যা করেন রুকেল।
সিলেটের কানাইঘাট উপজেলায় পিঁয়াজু বিক্রেতাকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন জানান।
দণ্ডিত রুহেল মিয়া রুকেল (৩১) ওই উপজেলার বাসিন্দা।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৩ জুলাই সকালে উপজেলার সুরমার পাড়ে খালাইউরা নামক স্থান থেকে পিঁয়াজু বিক্রেতা নিজাম উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ওই বছরের ২৪ ডিসেম্বর আদালতে রুকেলের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ শর্মা।
আদালতে দেওয়া জবানবন্দিতে রুকেল জানান, নিজাম উদ্দিন তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল। সেই ক্রোধ থেকে স্ত্রীকে দিয়ে নিজামকে বাড়িতে ডেকে নেন রুকেল।
সেখানে মাথায় মুগুর দিয়ে আঘাত করে হত্যার পর তার সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেন তিনি।
২০২৩ সালের ২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
