ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর, স্মরণে শোকযাত্রা ও দোয়া
২০০৫ সালের এদিন কর্মস্থলে যাওয়ার পথে জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করে।
ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হয়েছে।
২০০৫ সালের এদিন কর্মস্থলে যাওয়ার পথে জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাড়েকে হত্যা করে।
তাদের স্মরণে শনিবার সকালে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয় বলে জানিয়েছেন ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আক্কাস।
সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের করা হয়। এটি দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। শোকযাত্রায় নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। এতে বিচার বিভাগের বিভিন্ন আদালতের বিচারক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
পরে আদালত চত্বরের শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল হয়।
পুলিশ জানায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন দুই বিচারক। পথে ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় তাদের বহনকারী সরকারি মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
এতে ঘটনাস্থলেই নিহত হন সোহেল আহম্মেদ। গুরুতর আহত জগন্নাথ পাঁড়েকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুনকে আহত অবস্থায় আটক করা হয়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা হয়।
মামলার বিচার শেষে ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্ট ওই সাজা বহাল রাখেন।
২০০৭ সালের ২৯ মার্চ রাতে দেশের বিভিন্ন কারাগারে ছয় আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা হলেন- শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক এবং ইফতেখার হাসান আল মামুন। অপর আসামি আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০১৬ সালের ১৬ অক্টোবর রাতে খুলনা জেলা কারাগারে।
পিপি আক্কাস সিকদার বলেন, দুই বিচারক হত্যার ঘটনা দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। বিচারকদের ওপর এ হামলা ছিল আইনের শাসন ও বিচারব্যবস্থার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জঙ্গিবাদ ও উগ্রবাদ মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।
