জেলা ঘোষণার ৪৩ বছর পর খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্যক্রম
দেশের ৬৪তম জেলা হিসেবে ট্রেজারি কার্যক্রম শুরু হলো পার্বত্য এই জেলায়।
১৯৮৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা হিসেবে ঘোষণার ৪৩ বছর পর আনুষ্ঠানিকভাবে চালু হলো ট্রেজারি কার্যক্রম। এর মধ্য দিয়ে দেশের ৬৪তম জেলা হিসেবে খাগড়াছড়িতে ট্রেজারি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ক্যাম্পাসে নবনির্মিত ট্রেজারি ভবন ও কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
তিনি বলেন, দীর্ঘদিন নিজস্ব ভবন ও কার্যক্রম না থাকায় ট্রেজারিসংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে জেলার সরকারি দপ্তর, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষকে রাঙামাটি বা ফেনীতে যেতে হতো। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হতো তাদের।
ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল; অবশেষে ভোগান্তির অবসান ঘটল বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।
তিনি বলেন, “সাত মাস ধরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও তার কার্যালয়ের কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় ট্রেজারি কার্যক্রম চালুর উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। ৪৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এ কার্যক্রম চালুর মধ্য দিয়ে জেলার সরকারি আর্থিক ব্যবস্থাপনায় নতুন দিগন্তের উন্মোচন হলো।”
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ট্রেজারি কার্যক্রম চালু হওয়ায় এখন থেকে জেলার সরকারি দপ্তরগুলোর ট্রেজারিসংশ্লিষ্ট কার্যক্রম স্থানীয়ভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সরকারি অর্থ ব্যবস্থাপনা, সরকারি স্ট্যাম্পসহ অন্যান্য ট্রেজারিসংশ্লিষ্ট সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল হবে বলে আশা জেলা প্রশাসকের।
এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তারসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
