১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরের ১৯ বছর: বরগুনায় নিহতদের স্মরণ ও টেকসই বাঁধের দাবি

প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভায় বক্তারা বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এখনো নানা সমস্যায় রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 08:01 PM

Updated : 15 Nov 2026, 08:01 PM

বরগুনা সদর উপজেলায় ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে ‘সিডর স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

রোববার সকালে উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামে এ শ্রদ্ধা জানানো হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় বরগুনাসহ উপকূলীয় এলাকা। প্রচণ্ড বাতাস ও জলোচ্ছ্বাসে ভেঙে যায় ঘরবাড়ি ও বেড়িবাঁধ। নষ্ট হয় ফসলের জমি।

সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর কষ্ট ভুলতে পারেননি উপকূলের মানুষ।

তাদের দাবি, ভবিষ্যতে এমন দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।

সরকারি হিসাবে, সিডরে বরগুনায় এক হাজার ৩৪০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হন আরও ১৫৬ জন। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় দুই হাজার।

সেই রাতে সদর উপজেলার গর্জনবুনিয়া গ্রামে ৩০ জনের লাশ ১৯টি কবরে দাফন করা হয়েছিল। তাদের স্মরণে ২০০৮ সালে সেখানে তৈরি করা হয় ‘সিডর স্মৃতিস্তম্ভ’।

দিনটি উপলক্ষে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। সভায় বক্তারা বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এখনো নানা সমস্যায় রয়েছেন।

তাদের মতে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলের মানুষকে রক্ষা করতে বেড়িবাঁধ তৈরি করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোরও দাবি জানান তারা।

জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, সিডরের ভয়াবহ স্মৃতি বরগুনার মানুষ আজও ভুলতে পারেননি। উপকূলের মানুষের নিরাপত্তায় সরকার কাজ করছে। ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত এবং আশ্রয়কেন্দ্রের সুযোগ-সুবিধা বাড়ানোর কাজ চলছে।