নাটোরে হামলায় আওয়ামী লীগের ৬ কর্মী-সমর্থক আহত
তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান।
স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রকি সাংবাদিকদের জানান, গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কলম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন। একই পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন মইনুল হক চুনু। এরপর থেকে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
ঈদ উপলক্ষে খেলাধুলার একটি অনুষ্ঠানে চেয়ারম্যানকে আমন্ত্রণ না জানানোর জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছিল।
আবু বক্কর সিদ্দিক আরও বলেন, “গত শনিবার রাতে ইউনিয়ন সভাপতির সমর্থক ও সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু দলীয় কর্মীদের নিয়ে স্থানীয় বাজারে বসে ছিলেন। এ সময় চেয়ারম্যান ও তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়।
“এ সময় এমদাদুল হক বাবলু, ব্যবসায়ী আসাদুজ্জামান ভুট্টু ও কলেজশিক্ষক মো. কাজলকে কুপিয়ে জখম করা হয়। তাদের রক্ষা করতে গেলে আরও তিন সমর্থক আহত হন।”
বাবলু, ভুট্টু ও কাজলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে পুলিশ জানায়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন এ ঘটনার জন্য ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু ও তার অনুসারীদের দায়ী করেন।
ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, “আমাদের ছেলেপেলে ফেইসবুকে কোনো পোস্ট দিলে কালিনগর এলাকার হীরা সবগুলোতে হা হা রিয়েক্ট দেয়। গতকাল সন্ধ্যায় ছেলেপেলেরা কালিনগর ব্রিজের উপরে হীরার কাছে এ ব্যাপারে জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে হীরার পরিবারের লোকজন নুরপুর বাজারে আমাদের লোকজনকে আক্রমণ করলে এলোপাতাড়ি মারামারি হয়। তবে কোপাকুপির কোনো ঘটনা ঘটেনি।”
ওসি মিজানুর বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ বা মামলা করেননি।
