১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই হাসপাতালটি সিলগালা করে বন্ধ করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 07:59 PM

Updated : 17 Jan 2024, 07:59 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও সনদ নবায়ন না করায় একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার মেহের কালিবাড়ী এলাকায় বেসকারি মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র হাসপাতালে অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান।

তিনি বলেন, উপজেলার সব জায়গায় নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরিচালনা, নোংরা ও অপরিচ্ছন্ন অপারেশন রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন করা সনদ নবায়ন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

তবে এ বিষয়ে ওই হাসপাতালের পরিচালক ডা. মিলন জানান, ২০২৩ সাল পর্যন্ত তাদের হাসপাতালের নিবন্ধনের মেয়াদ ছিল। এখনও নতুন করে নবায়নের জন্য আবেদন করা হয়নি।

জেলা সিভিল সার্জন মো. সাহাদৎ হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নতুন নির্দেশনার আলোকে অভিযান শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা ও জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।