১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

তেল কম দেওয়ায় কাফরুলে ফিলিং স্টেশনকে ৫ লাখ টাকা জরিমানা

১০ লিটার তেলের অর্থ পরিশোধ করে গ্রাহকরা পাচ্ছিলেন সাড়ে নয় লিটারের মতো তেল, বলছে বিএসটিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 05:33 PM

Updated : 10 Nov 2026, 05:33 PM

তেল দেওয়ার কম দেওয়ার অপরাধে রাজধানীর কাফরুলের একটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয় বলে বিএসটিআই বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দিচ্ছিল ফিলিং স্টেশনটি। জালিয়াতি ধরার পড়ার পর জরিমানার পাশাপাশি স্টেশনটির তিনটি ডিসপেন্সিং ইউনিটও বন্ধ করে দেওয়া হয়।

“পাম্প কর্তৃপক্ষ পরিমাপে কারচুপির মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। ১০ লিটার তেলের অর্থ পরিশোধ করে গ্রাহকরা পাচ্ছিলেন সাড়ে নয় লিটারের মতো তেল।”

বিএসটিআইয়ের নির্বাহী হাকিম লুৎফুন্নেসা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল কাদের ও মেট্রোলজি বিভাগের পরীক্ষক আহসান হাবীব খান।