মানিকগঞ্জের সার টাঙ্গাইলে পাচারের চেষ্টা, সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
এ সময় ১১ বস্তা সার জব্দ করা হয়।
মানিকগঞ্জের দৌলতপুর থেকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সরকারি বরাদ্দের সার পাচারের চেষ্টার সময় এক সাব-ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১ বস্তা সার জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর এলাকা থেকে সারসহ একটি ভ্যান আটক করা হয় বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।
জরিমানা পাওয়া হাবিবুর রহমান হবি উপজেলার দীপু ট্রেডার্সের সাব-ডিলার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বরাদ্দের সার পার্শ্ববর্তী উপজেলার নবদিয়া গ্রামের এক ব্যক্তির কাছে বেশি দামে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ১১ বস্তা সারবোঝাই একটি ভ্যান আটক করেন স্থানীয় কৃষক ও জনতা। পরে তারা উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাব-ডিলার হবিকে দুই লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।
তিনি বলেন, সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাব-ডিলারকে জরিমানা করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে বলে জানান প্রবীর বিশ্বাস।
