২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগে নেমে নিখোঁজের দুদিন পর মিলল স্কুলছাত্রের লাশ

গাজীপুরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে তুরাগে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল সিয়াম।

তুরাগে নেমে নিখোঁজের দুদিন পর মিলল স্কুলছাত্রের লাশ

নিখোঁজের পর সিয়ামকে উদ্ধারে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 09:59 PM

Updated : 07 Jul 2023, 09:59 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে গোসলে নেমে নিখোঁজের দুদিন পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার বড়ইবাড়ি এলাকায় শুক্রবার ভোরে তার ভাসমান লাশ পাওয়া যায় বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক জাহিদুর রহমান জানান।

নিহত সিয়াম হোসেন (১৬) সাভারের ব্যাংক কলোনি এলাকার মো. শাহ আলমের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

সিয়ামের ফুফা মন্জুরুল ইসলাম জানান, কালিয়াকৈরের চাপাইর এলাকায় তাদের বাড়িতে বেড়াতে এসে বুধবার দুপুরে তুরাগে গোসলে নেমে নিখোঁজ হয় সিয়াম। দুদিন পর বড়ইবাড়ি এলাকায় তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় মাঝিরা। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেন।

স্বজনরা জানান, কালিয়াকৈর চাপাইর ব্রিজের পাশে তুরাগ নদে চাচা নজরুল ইসলামসহ কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে সিয়াম। একপর্যায়ে সবাই নদীর একপাড় থেকে অন্যপাড়ে যাওয়ার প্রতিযোগিতা করে। কিন্তু সবাই নদী পার হলেও সিয়াম স্রোতের টানে তলিয়ে যায়। খবর দিলে ডুবুরিরা এসে নদীতে তল্লাশি চালিয়েও সিয়ামকে উদ্ধারে ব্যর্থ হন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক জাহিদুর রহমান জানান, সিয়ামের স্বজনরাই শুক্রবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে গ্রামের বাড়ি সাভারে নিয়ে যান।