২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণার হাওরে হঠাৎ চোরের উৎপাত, দিশেহারা কৃষক

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্রহায়ণের শেষ থেকে এ পর্যন্ত অন্তত ১৫টি চুরির ঘটনা ঘটেছে।

নেত্রকোণার হাওরে হঠাৎ চোরের উৎপাত, দিশেহারা কৃষক

বাঁশরী গ্রামের ধানক্ষেতের মাঝে একটি গলা।

মাছুম কামাল মাছুম কামাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 12:15 AM

Updated : 25 Jan 2024, 06:11 PM

বছরের পর বছর যে ঘটনা দেখেননি নেত্রকোণার মদন উপজেলার হাওরাঞ্চলের কৃষকরা, এ বছর তাই দেখতে হচ্ছে তাদেরকে। রাতের আঁধারে উধাও হয়ে যাচ্ছে এলাকার কৃষকদের সেচযন্ত্রসহ নানা কৃষি সরঞ্জাম। 

উপজেলার অন্তত ২টি গ্রামে (বাঁশরী ও বরাটি) হঠাৎ করেই শুরু হয়েছে চোরের উৎপাত। বাধ্য হয়ে তীব্র শীতেও ফসলি জমির পাশে ‘গলা’ বানিয়ে রাতে পাহারা দিচ্ছেন কৃষকরা। 

বাঁশের খুঁটির ওপর ত্রিপল টানিয়ে মূল কাঠামো তৈরি করা হয়, আর নিচে খড় বিছানো থাকে। এ ধরনের ঘরকে স্থানীয়রা ‘গলা’ বলেন। 

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্রহায়ণের শেষ থেকে এ পর্যন্ত অন্তত ১৫টি চুরির ঘটনা ঘটেছে। 

মদন উপজেলার ওয়েবসাইটের তথ্য বলছে, এই উপজেলায় আবাদী জমির পরিমাণ প্রায় ৪১ হাজার ৫৫৪ একর। এর মধ্যে এক ফসলি জমি আট হাজার ৪০ হেক্টর, দুই ফসলি জমি ১০ হাজার ৩৫০ হেক্টর, আর তিন ফসলি জমির পরিমাণ এক হাজার ৭৯০ হেক্টর। 

ধান এ অঞ্চলের প্রধান ফসল হলেও পাট, গম, সরিষা, মরিচও আবাদ হয়। 

হতবিহ্বল কৃষকরা 

স্থানীয় বাঁশরী গ্রামের বাসিন্দা নূর জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৫ থেকে ২০ বছরে এখানে কখনও চুরি হতে শুনি নাই। কিন্তু হঠাৎ করেই ব্যাপকহারে মেশিন চুরি হচ্ছে। মোটরও চুরি হচ্ছে। এটা আশংকাজনক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে আমাদের বাড়ির সামনে থেকে টিউবওয়েল চুরি হয়ে গেছে।” 

প্রায় ৫২ কাঠা জমিতে ধানের আবাদ করেন বাঁশরী গ্রামের কৃষক মাসুদ রানা। কয়েকদিন আগে তার শ্যালো মেশিনও চুরি হয়েছে। 

মাসুদ রানা বলেন, “এখন গলা বানায়া মাঠে পাহারা দিতে হয়। মেশিন ছাড়াও অন্যান্য জিনিস নিয়ে যায়। যা পায় হাওরে, ওইটাই নিয়ে যায়। এই যে নতুন করে মেশিন বসাইলাম, এখানে থাকতে হচ্ছে। মেশিনের সাথে ১২ থেকে ১৩ দিন আগে চাকাও চুরি করে নিয়ে গেছে।” 

নতুন মেশিন বসানোর জন্য জমিতে গিয়েই মাসুদ দেখেছিলেন তার আগেরটি নেই। তিনি বলেন, তার জমির পাশে আরও তিন জনের মেশিনও চুরি হয়েছে।  

সপ্তাহ দুয়েক আগে সেচযন্ত্র খুইয়েছেন স্থানীয় আরেক কৃষক হাফেজ মো. আতিকুর রহমান। 

“১২ থেকে ১৪ দিন আগে প্রথমে আমার মেশিনের কিছু যন্ত্রপাতি চুরি হয়। আমি ভেবেছিলাম পোলাপান কিছু কিনে খাওয়ার জন্য চুরি করে নিয়ে গেছে। ভাবলাম টুকটাক যা জিনিস চুরি হয়েছে, এগুলো কিনে নিয়ে আসব। দুইদিন পরে মিস্ত্রি নিয়ে এসে দেখি পুরো মেশিনটাই চুরি হয়ে গেছে।” 

Image

এই টিউবওয়েল সম্প্রতি চুরি হয়ে গেছে। ছবিটি চুরি হওয়ার কয়েকদিন আগের।

কণ্ঠে আক্ষেপ নিয়ে এই কৃষক বলছিলেন, “নিজের ৪০ কাঠা আর অন্যের জমি মিলিয়ে প্রায় ৬০ কাঠা জমিতে ধান চাষ করি। গত ১৫ বছর ধরে এই মেশিনটা চালিয়েছি। আমি একটা মসজিদের ইমাম, আমার জিনিসটাও চুরি হয়ে গেল! 

“পরে পুরান মেশিন কিনে এনেছি। আর এখন ত্রিপল দিয়ে গলা বানাচ্ছি পাহারা দেওয়ার জন্য। আর কী করব।” 

কৃষকদের ধারণা, এর পেছনে রয়েছে সংঘবদ্ধ চোর চক্র। এসব ঘটনা থানায় জানাতেও আপত্তি আছে তাদের। কৃষকরা মনে করেন, এতে তারা বিপদে পড়তে পারেন। 

থানায় অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে আতিকুর বলেন, “থানায় যাইনি। ভাবলাম গিয়ে আবার কী বিপদে পড়ি। তবে, আমাদের বর্তমান চেয়ারম্যানকে না জানালেও আগের যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে জানিয়েছি।” 

একই গ্রামের আরেক কৃষক আনাস মিয়া বলেন, বাঁশরী গ্রামের অর্ধেক পড়েছে নায়েকপুর ইউনিয়নে বাকী অর্ধেক পড়েছে কাইটাল ইউনিয়নে।

চুরি বেশি হচ্ছে নায়েকপুর ইউনিয়নে জানিয়ে এই কৃষক বলেন, অগ্রহায়ণের শুরু থেকে বাঁশরী এবং পাশের বরাটি গ্রামের অন্তত ১৫টি শ্যালো মেশিন চুরি হয়েছে। 

তিনি বলেন, “এই এলাকায় প্রায় সবাই এখন মেশিন রক্ষায় গলা বানিয়ে রাতে পাহারা দিচ্ছে। আবার যাদের সামর্থ্য আছে, তারা মেশিনসহ অস্থায়ী ঘর বানিয়েছে। শীতে কষ্ট হয়, তবুও কী করব, মেশিন চুরি হয়ে গেলে কৃষকের সর্বনাশ। জমিতে চাষ করতে দেরি হয়ে যাবে। আর টাকা তো যাবেই।” 

বাঁশরী এবং বরাটি গ্রামের পাশেই অবস্থান নায়েকপুর গ্রামের। সেই এলাকাটি চোরেদের জন্য প্রসিদ্ধ বলে জানান আনাস মিয়া। 

Image

সেচযন্ত্র রক্ষায় কেউ কেউ অস্থায়ী ঘর বানিয়েছেন।

তিনি জানালেন, বরাটি গ্রামের নূরনবী নামের একজনের একটা মেশিন চোররা ফেরত দিয়ে গেছে। নায়েকপুরের তার এক আত্মীয় মারফত টাকা দেওয়ার পর রাতের আঁধারে চোরেরা ক্ষেতের পাশে মেশিনটি রেখে গেছে। 

“এ থেকে সবার ধারণা, নায়েকপুরের চোরচক্রই মেশিনগুলো চুরি করেছে,” বলেন এই কৃষক। 

আনাস মিয়াও চুরির ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি। 

একই এলাকার আরেক কৃষক নূর মিঞার সেচযন্ত্রটিও কয়েকদিন আগে চুরি হয়েছে। ২৪ কাঠা জমিতে ধান চাষ করেছেন তিনি।

নূর মিঞা বলেন, “গত ১২ বা ১৩ দিন আগে আমার শ্যালো মেশিনটা চুরি হয়ে গেছে। ইদানিং প্রায়ই এরকম ঘটনা ঘটছে। আমরা এখন রাত জেগে পাহারা দিই।” 

স্থানীয়রা জানান, গত ১৬ জানুয়ারি মাইজ পাড়া ডুইখালি হাওরে হাজী মুক্তার হোসেন ও আরও একজনের সেচযন্ত্র চুরি হয়। এছাড়া গত নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরে প্রথম পর্যন্ত সময়ের মধ্যে বাঁশরী দক্ষিণ পাড়ার অক্কুল মিয়ার নৌকা থেকে মেশিন চুরি হয়। একই গ্রামের জয়নগর এলাকা থেকে আরেকটি মেশিন চুরি হয়। 

অন্যদিকে বরাটি গ্রামের হাওর থেকে দুই জনের সেচযন্ত্র উধাও হয়ে গেছে। এই গ্রামের নূর ইসলাম, আসদ খাঁর যন্ত্রও চুরি হয় হাওর থেকে। 

চুরির বিষয়ে জানতে চাইলে নায়েকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিস মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমারে তো কেউ অবগত কেউ করে নাই। আমাদের গ্রাম পুলিশ আছে, ইউপি সদস্য আছে, কেউই আমাকে জানায়নি। তবে, আপনি অবগত করলেন, আমি খোঁজ নেব। এটা তো আমাদের দায়িত্ব।” 

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বুধবার রাতে বলেন, “আপনার কাছে কেউ যদি বলে থাকেন, পাঠিয়ে দেবেন। ব্যবস্থা নেব।”