০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

যশোরে ধান ক্ষেতের পাশের গর্তে নারী-পুরুষের অর্ধগলিত লাশ

কেশবপুরে ধান ক্ষেতের পাশে একটি শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 12:40 AM

Updated : 01 Nov 2026, 12:40 AM

যশোরের কেশবপুর উপজেলায় ধান ক্ষেতের পাশে শ্যালো মেশিন ঘরের একটি গর্ত থেকে অজ্ঞাত নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয় বলে কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান জানান।

নিহতদের বয়স ৪৫ থেকে ৫০ বছর হবে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিরাজুল ইসলামের মাছের ঘেরসংলগ্ন শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে লাশ দুটি পড়ে থাকতে দেখে তারা থানা পুলিশকে খবর দেন।

কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, পুরুষের মরদেহের ওপর নারীর মরদেহটি উপুড় হয়ে পড়েছিল। পুরুষের শরীরে গামছা জড়ানো ছিল এবং নারীর পরনে ছিল ম্যাক্সি।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হারুনুর রশিদ বলেন, ডিবির পাশাপাশি পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে গেছে। প্রযুক্তির সহায়তায় ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।