২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে বেড়াতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ, ভাতিজার পরিবার পলাতক

রংপুরের বাসিন্দা বাচ্চু মিয়া কুড়িগ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে ভাতিজা মিঠু মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 01:21 PM

Updated : 20 Oct 2026, 01:21 PM

কুড়িগ্রামের উলিপুরে ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি শওকত আলী।

নিহত মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। গ্রামের বাড়িতে বেড়াতে এসে তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতের কোনো একসময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন।

উলিপুর থানার এসআই বাবুল হোসেন বলেন, তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। তবে ভাতিজা মিঠু মিয়ার পরিবারের সবাই পালিয়ে গেছেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি শওকত আলী বলেন, স্থানীয়রা বলছেন মিঠু মিয়ার ছেলে রাব্বি (২৫) এ হত্যায় জড়িত। তবে তারা সবাই আত্মগোপনে রয়েছে।

হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ সব দিক বিশ্লেষণ করে এগুচ্ছে। মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত করছে পুলিশ।