এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগে মামলা
নুসরাতের বাবা মো. আব্দুল হালিমের নাম দিয়ে অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে মামলাটি করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক বছর আগে ঘরবাড়ি ভাঙচুর করে উচ্ছেদ, জমি দখল ও মারধরের অভিযোগ এনে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, শনিবার বিকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) নামে এক বৃদ্ধ নুসরাতের বাবা মো. আব্দুল হালিমের নাম দিয়ে অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে মামলাটি করেন।
বুধবার রাত পৌনে ১২টার দিকে দৌলতপুরের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। প্রতিপক্ষের পেট্টোল বোমা হামলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন এনসিপি নেত্রী।
আগুনে বাড়িতে থাকা আটজনের মধ্যে দুজন আহত হন। এ ছাড়া অগ্নিকাণ্ডে দুটি ছাগল মারা যায় এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার দুদিন পর নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা হল।
মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি।
পরে আব্দুল হালিম ওই জমি দখলের চেষ্টা করেন উল্লেখ করে মামলায় অভিযোগ করা হয়, এর জের ধরে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।
এজাহারে বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।
ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় আব্দুল হালিম মামলা করেন বলে মামলার বর্ণনায় বলা হয়। বাদী বলেন, ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
এজাহারে বলা হয়, ১২ নভেম্বর আব্দুল হালিমের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে এত দিন মামলা করতে পারেননি বলে এজাহারে বলেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে ইদ্রিস আলী সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মামলা করেছি। আশা করি, পুলিশ সুষ্ঠু তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেবে।”
মামলার বিষয়ে নুসরাতের বাবা আব্দুল হালিম বলেন, “মামলার বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি। মামলা যদি করে থাকে সেটা তদন্তে এসে প্রমাণিত হবে। আইন আইনের গতিতে চলবে। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া লাগবে। হয়তো কারও প্ররোচনায় মামলা করেছেন ইদ্রিস আলী।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, “শনিবার আব্দুল হালিমের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে।”
