চাঁদপুরে বিল থেকে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার অজ্ঞাত পরিচয়ের মধ্য বয়স্ক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোড় ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক।
পুলিশ জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগেই ওই নারীকে হত্যা করে লাশটি বিলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
ওসি হাফিজুর রহমান মানিক বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত চলছে বলে জানান ওসি।
