বগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারী নিহত, আহত ১৫
বরিশাল থেকে যাত্রীবাহী একটি বাস রংপুরে যাওয়ার পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছে শিশুসহ অন্তত ১৫ জন।
শনিবার ভোরে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে জামাদারপুকুরের নুনদহ এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী জানান।
নিহত রোকসানা খাতুন (৩৫) বরিশাল নগরীর সজীব মিয়ার স্ত্রী। তিনি বরিশাল থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাবার বাড়ি যাচ্ছিলেন।
অপর নিহতের নাম জেলমা বেগম (৬০)। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা।
আহতরা হলেন- বরিশালের নিশি (২২), ইভা (২১), আরতি (৫০), মুন্নি (৩৫), নাটোরের রামনগর এলাকার রোমান (৬), কাকলি (২১), রাজবাড়ীর হাদী (২০), হারুন অর রশীদ (৩৫), প্রবণ (২১), লালমনিরহাটের সুজন (৩০), রিয়া (২১), বগুড়ার ফজলুল হক (৭০), আব্দুস সবুর (২৪), টুম্পা (২১) ও অজ্ঞাত পরিচয় এক নারী।
স্থানীয়দের বরাতে ওসি আব্বাস আলী জানান, বরিশাল থেকে ‘গোল্ডেন লাইনের’ যাত্রীবাহী একটি বাস রংপুরে যাচ্ছিল। পথে একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান।
স্থানীয়রা আহত ১৬ যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরও এক নারীকে মৃত ঘোষণা করেন৷ অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, দুই নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি আব্বাস আলী।
