নেত্রকোণায় হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি ২০ বছর পর গ্রেপ্তার
১৯৯৮ সালে নুর মোহাম্মদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে তাকে হত্যা করা হয়।
নেত্রকোণার পূর্বধলায় গৃহকর্তাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে দুই দশক পর গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহ র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান।
গ্রেপ্তার মজিবর রহমান (৭০) পূর্বধলা উপজেলার ইরিভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে। রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন তিনি।
মামলার বরাতে মেজর আখের মুহম্মদ জানান, দশাশী গ্রামের বীমা কর্মকর্তা নুর মোহাম্মদের (৩০) বাড়িতে মাসিক ভিত্তিতে কাজ করতেন মজিবর। ১৯৯৮ সালে নুর মোহাম্মদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে তাকে হত্যা করেন মজিবর। পরে মরদেহ বারহাট্টা উপজেলার দেউলি গ্রামে পুঁতে রাখেন তিনি।
এ ঘটনায় নিহতের ভাই নুর ইসলাম একটি হত্যা মামলা করেন। তদন্তের এক পর্যায়ে প্রায় চার মাস পর মরদেহের উদ্ধার করে পুলিশ।
পরে ২০০৩ সালে মামলার একমাত্র আসামি মজিবরকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
সোমবার মজিবরকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর আখের মুহম্মদ।
