কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া আসামির মৃত্যু
কারাগারে সেলের জানালায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কয়েদির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচ তলার সেল থেকে তার লাশ মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন।
মৃত কয়েদি মো. ফরহাদ (৪১) টাঙ্গাইল সদর উপজেলার শালিনাপাড়া গ্রামে প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।
জেল সুপার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, রোববার যথাসময়ে কারাগারের কয়েদির গণনা করে লকার করা হয়। কারাগারের হিমেল ভবনের নিচতলায় ফরহাদ তার দুই কেস পার্টনারসহ মৃত্যুদণ্ড পাওয়া তিনজন বন্দি ছিলেন।
রাতে একই সেলে ওই তিনজন ঘুমিয়ে ছিলেন। ফরহাদ মাঝখানে ছিলেন। রাত ৩টার দিকে অপর দুই আসামির একজন ভাগ্নে প্রস্রাব করতে উঠে সেলের জানালায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফরহাদকে দেখতে পান। পরে তিনি বিষয়টি অন্যজনকে জানান।
জেল সুপার বলেন, খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা তাকে উদ্ধার করে এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনেরা এসেছেন।
মরদেহের সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান জেল সুপার আব্দুল্লাহ-আল-মামুন।
তিনি বলেন, ২০১৯ সালের ২৬ অগাস্ট ফরহাদকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নেওয়া হয়।
তিনি প্রায় বছরখানেক ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টি জনিত বিভ্রম সমস্যাসহ বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। এর আগেও ফরহাদ একাধিকবার কারা হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
