২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জ কারাগারের ‘অসুস্থ’ হাজতির মৃত্যু ঢাকা মেডিকেলে

মামুন ‘ক্যান্সার ও কিডনি জটিলতয়া’ ভুগছিলেন বলে জানিয়েছেন কারারক্ষী আমিনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 11:48 AM

Updated : 26 Nov 2026, 11:48 AM

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক হাজতি মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মো.আবদুল্লাহ আল মামুন (২৪) কারাগারের ভেতরে হঠাৎ ‘গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন’ বলে জানিয়েছেন কারারক্ষী মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, “পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক মামুনককে মৃত ঘোষণা করেন।”

আল মামুনের হাজতি নম্বর- ৩৩৬/২৬; রাজধানীর রামপুরায় তার বাড়ি, বাবা মৃত মোকলেস শেখ। মামুন ‘ক্যান্সার ও কিডনি জটিলতয়া’ ভুগছিলেন বলে জানিয়েছেন কারারক্ষী আমিনুল ইসলাম।

তবে মামুন কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন পরিদর্শক হাবিবুর রহমান।