মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস
দাঁতের সুরক্ষায় হাজার বছরের বিবর্তন
মানুষের দাঁত গজানোর পর থেকেই তা ভালো রাখা কিংবা নিদেনপক্ষে দাঁতগুলো টিকিয়ে রাখা, সব সময়ই বড় চ্যালেঞ্জ ছিল। ইতিহাসবিদদের মতে, দন্তচিকিৎসার চর্চা অন্তত খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দ থেকেই শুরু হয়েছিল।
তবে সাধারণ মানুষের হাতের নাগালে পেশাদার দন্তচিকিৎসা পৌঁছাতে আরও বহু শতাব্দী লেগে যায়। এমনকি ঊনবিংশ শতাব্দী পর্যন্ত নাপিতরাই ছিলেন একাধারে শল্যচিকিৎসক এবং দন্তচিকিৎসক! চুল কাটার পাশাপাশি দাঁত তোলার কাজও তারাই করতেন। আজকের দিনে অনেক দেশে সেলুনের বাইরে যে লাল-সাদা ডোরাকাটা খুঁটি বা ‘বারবার পোল’ দেখা যায়, তার ইতিহাসও বেশ রক্তাক্ত; অস্ত্রোপচারের পর নাপিতরা রক্তমাখা পট্টি শুকাতে বাইরে ঝুলিয়ে রাখতেন, সেখান থেকেই এই প্রতীকের জন্ম।
তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে দাঁতের যত্ন নেওয়াটা ছিল মানুষের একান্তই ব্যক্তিগত বা ঘরোয়া বিষয়। প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা দাঁত পরিষ্কারের জন্য যেসব সরঞ্জাম ব্যবহার করতেন, সময়ের সাথে সাথে সেগুলোর বিবর্তন ঘটেছে ঠিকই, তবে আজকের ফার্মেসিতে পাওয়া সামগ্রীর সাথে সেগুলোর অদ্ভুত মিল রয়েছে।
টুথব্রাশের আদি কথা প্রাচীনকালে দাঁত ক্ষয়ের কারণ হিসেবে অদ্ভুত সব ‘দাঁতের পোকা’র কথা ভাবা হতো, যা আজকের দিনে ব্যাকটেরিয়াজাত প্লাক হিসেবে পরিচিত। কারণ যা-ই ভাবা হোক না কেন, দাঁত পরিষ্কার রাখার গুরুত্ব মানুষ সব সময়ই বুঝত। আধুনিক টুথব্রাশ আসার আগে মানুষ গাছের চিকন ডাল চিবিয়ে মাথাটা নরম করে ব্রাশের মতো ব্যবহার করত, যা আমাদের কাছে মেসওয়াক বা ‘চিউ স্টিক’ নামে পরিচিত। বিশ্বের বহু সংস্কৃতিতে আজও এর প্রচলন রয়েছে।
আজ আমরা যে ধরনের টুথব্রাশ দেখি, তার উদ্ভব হয়েছিল চীনে, ৬১৮ থেকে ৯০৭ খ্রিষ্টাব্দের মধ্যে তাং রাজবংশের শাসনামলে। শুরুর দিকের সেই ব্রাশগুলোর হাতল তৈরি হতো বাঁশ বা হাড় দিয়ে, আর ব্রিসল বা শলাকা হিসেবে ব্যবহৃত হতো শূকরের ঘাড়ের শক্ত লোম। প্লাস্টিক আর নাইলনের বিকল্প ও পরিবেশবান্ধব পণ্য হিসেবে শূকরের লোমের ব্রাশ আজও বাজারে পাওয়া যায়।
বাণিজ্যিকভাবে প্রথম টুথব্রাশ তৈরির কৃতিত্ব দেওয়া হয় ইংরেজ উদ্যোক্তা উইলিয়াম অ্যাডিসকে। মজার ব্যাপার হলো, ১৭৮০ সালে দাঙ্গার অভিযোগে জেলে বন্দী থাকা অবস্থায় তিনি প্রথম এর নকশা তৈরি করেছিলেন। এরপর ১৮৫৭ সালে ওয়াশিংটন ডিসির দন্তচিকিৎসক এইচ. এন. ওয়াডসওয়ার্থ যুক্তরাষ্ট্রে টুথব্রাশের প্রথম পেটেন্ট পান। এর ধারাবাহিকতায় ১৯৩৮ সালে বাজারে আসে নাইলনের ব্রিসলযুক্ত ব্রাশ।
এর ঠিক এক বছর আগে, ১৯৩৭ সালে মার্কিন উদ্ভাবক টমলিনসন আই. মোসলে ইলেকট্রিক টুথব্রাশের পেটেন্ট করলেও তা খুব একটা জনপ্রিয় হয়নি। তবে ১৯৫৪ সালে সুইস বিজ্ঞানী ফিলিপ-গাই উগ ‘ব্রক্সোডেন্ট’ নামে নতুন এক ইলেকট্রিক ব্রাশ নিয়ে এলে চিত্র বদলে যায়। মূলত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে এটি তৈরি করা হলেও, খুব দ্রুতই তা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৬০-এর দশকের এক ম্যাগাজিনের বিজ্ঞাপনে তো একে ‘মা দিবস, বাবা দিবস, বিয়ে কিংবা গ্র্যাজুয়েশনের সেরা উপহার’ হিসেবেও প্রচার করা হয়েছিল!
অবাক করার মতো তথ্য হলো, টুথব্রাশ আবিষ্কারের অনেক আগেই টুথপেস্টের প্রচলন শুরু হয়েছিল। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব ডেন্টিস্ট্রির গবেষক ফ্র্যাঙ্ক লিপার্টের মতে, খ্রিষ্টপূর্ব ৩ হাজার থেকে ৫ হাজার অব্দের দিকে প্রাচীন মিশরীয়রা এক ধরনের মাজন তৈরি করেছিল। এর উপাদান শুনলে যে কারও চোখ কপালে উঠবে- ষাঁড়ের খুরের ছাই, গন্ধরস, ডিমের খোসা এবং ঝামা পাথরের গুঁড়ো! পরবর্তীতে খ্রিষ্টপূর্ব ১ হাজার অব্দের দিকে পারস্যবাসীরা এতে শামুক ও ঝিনুকের পোড়া খোলস, জিপসাম, ভেষজ উপাদান এবং মধু যোগ করে।
বাজারে বাণিজ্যিক টুথপেস্ট আসার পরও মানুষ বাড়িতে নিজের মতো করে মাজন তৈরি করত। ১৮৬০ সালে প্রকাশিত ‘দ্য প্র্যাকটিক্যাল হাউসওয়াইফ’ বইয়ে দাঁতের মাজন তৈরির যে রেসিপি দেওয়া হয়েছিল, তাতে ছিল ওরিচ-রুট পাউডার, কাঠকয়লার গুঁড়ো, চক পাউডার এবং ল্যাভেন্ডার তেল।
১৮৮০-এর দশকে কানেকটিকাটের দন্তচিকিৎসক ওয়াশিংটন ওয়েন্টওয়ার্থ শেফিল্ড প্রথম চিপে বের করা যায় এমন টিউবে টুথপেস্ট ভরার ধারণা দেন। এর আগে টুথপেস্ট বিক্রি হতো কাচের বোতল, চীনামাটির পাত্র বা কাগজের বাক্সে। টিউবের এই উদ্ভাবন টুথপেস্টকে কারখানায় ব্যাপক উৎপাদনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখে।
১৯৫৫ সালে ‘ক্রেস্ট’ প্রথম ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট বাজারে আনে, যা দাঁতের ক্ষয় রোধে দারুণ কার্যকর প্রমাণিত হয়। প্রখ্যাত চিত্রকর নরম্যান রকওয়েলের আঁকা সেই সময়ের বিজ্ঞাপনে হাস্যোজ্জ্বল শিশুদের হাতে ডেন্টিস্টের রিপোর্ট দেখা যেত, যার স্লোগান ছিল ‘দেখো মা, কোনো ক্যাভিটি নেই!’
আভিজাত্যের প্রতীক যখন টুথপিক দাঁত পরিষ্কারের সব সরঞ্জামের মধ্যে টুথপিকই সম্ভবত সবচেয়ে প্রাচীন। নৃতত্ত্ববিদদের মতে, প্রাগৈতিহাসিক যুগে অর্থাৎ দশ লাখ বছরেরও আগে মানুষ টুথপিক ব্যবহার করত। সময়ের পরিক্রমায় এটি সাধারণ বস্তু থেকে আভিজাত্যের প্রতীকে পরিণত হয়েছিল, আবার ফিরে এসেছে সাধারণের কাতারে।
আদি যুগে কাঠের চিকন টুকরো ছাড়াও হাড়, হাতির দাঁত, এমনকি কাক ও রাজহাঁসের পালকের গোড়াও টুথপিক হিসেবে ব্যবহৃত হতো। ভিক্টোরীয় যুগে ধনীদের মধ্যে সোনা ও রুপার তৈরি টুথপিক বেশ জনপ্রিয় ছিল। বিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্সের নামের আদ্যক্ষর খোদাই করা হাতির দাঁত ও সোনার তৈরি একটি টুথপিক ২০০৯ সালে নিলামে ৯ হাজার ১৫০ ডলারে বিক্রি হয়েছিল!
ঊনবিংশ শতাব্দীতে খাবার টেবিলে টুথপিক ব্যবহারের প্রবণতা এতটাই বেড়ে গিয়েছিল যে, আদবকেতা শেখানোর বইগুলোতেও এ নিয়ে আলাদা নির্দেশনা থাকত। ১৮৮২ সালের এমন এক বইয়ে লেখা হয়েছিল, ‘খাবার টেবিলে দাঁত খোঁচানো অত্যন্ত অভদ্রতা। নিতান্তই প্রয়োজন হলে মুখের সামনে ন্যাপকিন ধরে তা করতে হবে।’ ১৮৬০-এর দশকে মার্কিন উদ্যোক্তা চার্লস ফরস্টার যন্ত্রের সাহায্যে কাঠের টুথপিক তৈরির কৌশল বের করলে এটি আবার সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসে। তার কারখানায় বছরে ৫০ কোটি টুথপিক তৈরি হতো এবং রেস্তোরাঁগুলোতে তা বিনামূল্যে দেওয়া শুরু হয়।
উনিশ শতকে মার্কিন দন্তচিকিৎসক লেভি স্পিয়ার পার্মলির হাত ধরে ডেন্টাল ফ্লসের জনপ্রিয়তা বাড়ে। ১৮১৯ সালে প্রকাশিত এক বইয়ে তিনি ব্রাশ যেখানে পৌঁছাতে পারে না, সেখানকার ময়লা পরিষ্কার করতে দাঁতের ফাঁকে ‘মোম মাখানো রেশমি সুতা’ চালানোর পরামর্শ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেশমের সংকট দেখা দিলে নাইলনের ফ্লস এর জায়গা দখল করে নেয়। পরবর্তীতে ১৯৫০-এর দশকের শেষদিকে আসে ওয়াটার ফ্লসার বা ‘ওয়াটারপিক’। একজন দন্তচিকিৎসক ও একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ারের যৌথ প্রচেষ্টায় ১৪৬ বারের চেষ্টায় ১৯৬২ সালে এর পাম্পিং যন্ত্রটি নিখুঁতভাবে তৈরি করা সম্ভব হয়।
নিজের যত্ন নেওয়ার সচেতনতা, আধুনিক দন্তচিকিৎসা এবং ফ্লোরাইডের ব্যবহার মানুষের দাঁতের স্বাস্থ্যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ওহাইও স্টেট ইউনিভার্সিটি কলেজ অব ডেন্টিস্ট্রির সহকারী অধ্যাপক ম্যাথিউ জে. মেসিনার মতে, ১৯৬০ সালেও যুক্তরাষ্ট্রের ৪৯ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে সব দাঁত হারাতেন। অথচ গড় আয়ু প্রায় ১০ বছর বাড়ার পরও ২০১০ সালে সেই হার নেমে এসেছে মাত্র ১৩ শতাংশে।
মেসিনা বেশ মজা করেই বলেন, “আমার দাদা-দাদি রাতে ঘুমানোর আগে তাদের নকল দাঁত খুলে বিছানার পাশের টেবিলে পানির গ্লাসে ভিজিয়ে রাখতেন। কিন্তু আমাদের প্রজন্ম এবং আমাদের সন্তানেরা জানে যে, আমরা সারাজীবন নিজেদের আসল হাসিটাই ধরে রাখতে পারব।”
সূত্র: হিস্ট্রি ডটকম।
