সূত্রাপুরে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত
“হঠাৎ উপর থেকে একটি ককটেল এসে আমার ভাইয়ের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে তার মাথা ও চোখে গুরুতর জখম হয়।”
রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেলের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ‘গুরুতর আহত’ হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সি জাহাঙ্গীর ইসলামকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীর ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি হিসেবে কর্মরত। তিনি রাজধানীর লালবাগ থানার ৩৮/২ সমাজকল্যাণ গলি এলাকার আব্দুল আজিজ আকনের ছেলে। গ্রামের বাড়ি বরিশালে।
আহতের ভাই আলমগীর বলেন, “আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালির কাজ করার পাশাপাশি কবি নজরুলেও পার্টটাইম হিসেবে মালির কাজ করত। বিকেল সাড়ে ৫টার দিকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দারোয়ান সুজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন আমার ভাই। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ককটেল এসে তার মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে তার মাথা ও চোখে গুরুতর জখম হয়।”
খবর পেয়ে জাহাঙ্গীর ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বলে জানিয়েছেন আলমগীর।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘ককটেলের আঘাতে’ আহত ওই ব্যক্তিকে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
