কিশোরগঞ্জে জামিনের পরদিন কারামুক্তির আগেই আওয়ামী লীগ নেতার মৃত্যু
চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছে পরিবার, যা অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম।
মারা যাওয়া রনজিত কুমার ঘোষ (৭৫) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের জিনারাইল গ্রামের মৃত জিতেন্দ্র ঘোষের ছেলে।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলতি বছরের জুনে এবং অন্যটি অগাস্টে করা হয়। কয়েক মাস ধরে তিনি কারাগারে ছিলেন।
জেল সুপার জাহানারা বেগম বলেন, রনজিত আগে থেকেই কারাগারের ভেতরের হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রনজিতের ভাগিনা মৃণাল কান্তি ঘোষ বলেন, রোববার তার মামার জামিন হয়। সোমবার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন। কিন্তু মুক্তির আগেই তারা তার মৃত্যুর খবর পান।
মৃণাল বলেন, রনজিতের অসুস্থতার কথা আদালতের মাধ্যমেও কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
তার অভিযোগ, কারাগারে থাকাকালে তার মামাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয়নি।
তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন জেল সুপার জাহানারা বেগম।
তিনি বলেন, রনজিত শুরু থেকেই কারাগারের ভেতরের হাসপাতালে ছিলেন। তার চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
