২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেন্টাল চেম্বার রেখে পালালেন ‘চিকিৎসক’, তালা ঝুলিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

বৈধ কাগজপত্র দেখাতে পারলে চেম্বার দুইটি খোলার অনুমতি দেওয়া হবে।

ডেন্টাল চেম্বার রেখে পালালেন ‘চিকিৎসক’, তালা ঝুলিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 03:09 PM

Updated : 27 Jan 2024, 03:36 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘চিকিৎসক’ না থাকায় দুইটি ডেন্টাল চেম্বার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেঘা ডেন্টাল কেয়ার ও মোহনা ডেন্টাল কেয়ারে তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ডেন্টাল কেয়ার দুইটির চিকিৎসকরা চেম্বার খোলা রেখেই চলে যান। এ কারণে চেম্বারে তাদের পাওয়া যায়নি।

“এমনকি চেম্বার দুইটির কোনো কাগজপত্রও কেউ দেখাতে পারেননি। এ কারণে চেম্বার দুটি তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চেম্বার দুইটি খোলার অনুমতি দেওয়া হবে।”

টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য সেবার মান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলিফ শাহরিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।