৩ দিন আগে হাত হারিয়ে এসএসসি দেওয়া হল না মেধাবী সাইমুনের
সাইমুন বর্তমানে ঢাকার মোহম্মদপুরে আল-মানারত হাসপাতালে চিকিৎসাধীন বলে তার বাবা জানান।
তিন দিন আগে দুর্ঘটনায় ডান হাত হারিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি বরিশালের এক মেধাবী শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার বিকালে দুর্ঘটনায় ডান হাত হারিয়েছে জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাইমুন (১৬)।
সে একই ইউনিয়নের দিদিহার গ্রামের বাসিন্দা দিনমজুর সাইদুল ইসলামের মেয়ে।
সাইমুন বর্তমানে ঢাকার মোহম্মদপুরে আল-মানারত হাসপাতালে চিকিৎসাধীন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি বিশ্বাস বলেন, “ক্লাসে সাইমুনের রোল নং ছিল ৬। সে মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী। উপজেলার বাইশারী পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু দুর্ঘটনায় ডান হাত হারিয়ে সে পরীক্ষা দিতে পারেনি।”
প্রধান শিক্ষক আরও জানান, রাইটারের মাধ্যমে তার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু গুরুতর অসুস্থ থাকায় তাও পারেনি সে।
সাইমুনের বাবা সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৭ এপ্রিল বিকালে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি থেকে উপজেলার বাইশারী বাজারে হোমিও চিকিৎসকের কাছে যাচ্ছিল তার মেয়ে। পথে সাইমুনের ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় ওড়না ছাড়াতে গিয়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঢাকায় পাঠায়।
সাইদুল ইসলাম আরও জানান, ওই রাতে তার হাতে অস্ত্রোপচার করা হয়। কিন্তু বিচ্ছিন্ন হওয়া হাতের কবজি সংযুক্ত করা সম্ভব হয়নি।
কন্যার চিকিৎসার এখন পর্যন্ত ২ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান সাইদুল। যার সিংগভাগ ধার করেছেন তিনি।
চিকিৎসার আরও টাকার প্রয়োজন হলেও কিভাবে সংগ্রহ করবেন তা নিয়ে দুচিন্তায় আছেন তিনি।
মেয়ের উন্নত চিকিৎসার জন্য দিনমজুর সাইদুল ইসলাম প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন।
