২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৫২ জন

জেলায় এখন পর্যন্ত ৫০৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৪৫ জন।

ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৫২ জন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 05:28 PM

Updated : 21 Jul 2023, 05:28 PM

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন জেলার বিভিন্ন হাসপাতালে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে জাহানারা বেগমের (৩৯) মৃত্যু হয়েছে। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার রাজবাড়ী থেকে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

জাহানারা রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের আগমরী গ্রামের মো. ইউনুসের স্ত্রী।

এ বছরে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে একজন মারা গেলেন বলে জানান তিনি।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৫০৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩১ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন ডেঙ্গু রোগী।

জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৩ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা ১০২ জন।

এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তবে জেলার সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

হঠাৎ ডেঙ্গু বৃদ্ধিতে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, এইডিস মশার লার্ভা নিধনে ফরিদপুর পৌরসভা থেকে ওষুধ স্প্রে করা হচ্ছে। পৌরসভার কাউন্সিলরদের জনগণকে সচেতন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মাইকিং ও লিফলেটের মাধ্যমেও কয়েকদিন ধরে সচেতনতামূলক পরামর্শ প্রচার করা হচ্ছে।

এ ছাড়া মশা নিধনে ফগার মেশিন ব্যবহার করা হচ্ছে বলেও জানান এ মেয়র।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে।

“প্রয়োজনে রাতে ঘুমের সময় কয়েল কিংবা মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। এ ছাড়া জেলায় ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। যেটা চলমান রয়েছে।”