২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের শুরুতেই হাওরে পুরোদমে ধান কাটা

জেলা প্রশাসক জানান, বিভিন্ন এলাকা থেকে শ্রমিক নিয়ে আসার চিন্তা-ভাবনা চলছে।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 10:54 PM

Updated : 02 Apr 2023, 11:13 PM

বৈশাখের শুরুতেই সুনামগঞ্জের হাওরে পুরোদমে ধান কাটা শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাওরের বোরো ধানের সার্বিক অবস্থা ও কর্তন পরিস্থিতি নিয়ে জরুরি মতবিনিয় সভায় এ তথ্য জানানো হয়।

সভা থেকে বলা হয়, কৃষকদের পাকা ধান দ্রুত কাটতে ৬৬৫টি সচল কম্বাইন হার্ভেস্টার মেশিন সচল রয়েছে। ভর্তুকির মাধ্যমে আরও বেশ কিছু কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হবে।

এ ছাড়া শ্রমিক সংকট দূর করতে বাইরের জেলা থেকেও প্রয়োজনে শ্রমিক আনার কথা আলোচনা করা হয়েছে সভায়।

সভায় উপস্থিত সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, “প্রায় দুই সপ্তাহ ধরে আবহাওয়া কিছুটা বিরূপ। প্রতিদিনই অল্প অল্প বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি একেবারে কম।

“এই মুহূর্তে মাঠে বোরো ধানের স্তর বুটিং, দুধ অবস্থা এবং দানা অবস্থায় আছে। আগামী ১৫ এপ্রিল থেকে পুরোপুরিভাবে বোরো ধান কাটা শুরু করা যাবে।”

তিনি বলেন, এরই মধ্যে বিভিন্ন এলাকায় দেশীয় প্রজাতির লালডিঙ্গা, জাগলি বোরো ও হাইব্রিড ইরা-৫ কাটা পড়েছে। 

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় ১২ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুমে যুক্ত ছিলেন। তারা নিজ নিজ এলাকার হাওরের সার্বিক অবস্থা জেলা প্রশাসনকে অবগত করেন।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, জেলায় চলতি বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর। এর মধ্যে ২ লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টরে চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৯৫ হেক্টর বেশি।

দেশের অন্যান্য স্থানে ব্লাস্টের আক্রমণে ক্ষতির তুলনায় সুনামগঞ্জের হাওরে বোরো ধানের ক্ষতি কম উল্লেখ করে তিনি বলেন, গত বছরের তুলনায় এবার বিআর-২৮, ২৯ ধান প্রায় ২৫ হাজার হেক্টর আবাদ কম করা হয়েছে।

“কৃষকদের অগ্রহায়ণ মাসের মধ্যেই আবাদ করতে বলেছিলাম। যার কারণে ব্লাস্টে আমাদের ক্ষতির পরিমাণ খুবই অল্প। তারপরও আমরা মাঠে মাঠে মতবিনিময়, উঠোন বৈঠক, লিফলেট বিতরণসহ সচেতনতামূলক প্রচার চালিয়েছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং পুরো ধান কাটা সম্ভব হলে এবার বাম্পার ফলন হবে।”

ধান কাটার শ্রমিক সংকট প্রসঙ্গে কৃষি কর্মকর্তা বলেন, ৭৭৬টি কম্বাইন হার্ভেস্টরের মধ্যে ৬৬৫টি পুরোপুরি সচল আছে। এর মধ্যে আরও ৪২টি মেরামতযোগ্য, বাকি ৬০টি মেরামত অযোগ্য। তবে ধান কাটার জন্য আরও ১৫০টি রিপার মেশিন রয়েছে। তাছাড়া বাইরের জেলা থেকেও শ্রমিকরা আসতে শুরু করেছেন। আমরা প্রশাসনের মাধ্যমে শ্রমিকদের সুনামগঞ্জে আসতে উৎসাহিত করছি।

সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ফসল কাটা বিচ্ছিন্নভাবে শুরু হয়ে গেছে। আমাদের পর্যাপ্ত কম্বাইন হার্ভেস্টার রয়েছে। বিভিন্ন এলাকা থেকে শ্রমিক নিয়ে আসার চিন্তা-ভাবনা চলছে। কৃষকের ধান যাতে ক্ষেতে পড়ে না থাকে সেদিকে আমরা সজাগ রয়েছি।