১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

মঙ্গলবার রাত ১১টার দিকে এসব এলাকায় বৃষ্টির সঙ্গে হঠাৎ করেই শিলাবৃষ্টি শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 02:00 PM

Updated : 11 Nov 2026, 02:00 PM

কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

মঙ্গলবার রাত ১১টার দিকে এসব এলাকায় বৃষ্টির সঙ্গে হঠাৎ করেই শিলাবৃষ্টি শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। এ সময়ে এমন বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে, তা তারা কল্পনাও করেননি।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, “বছরের এ সময়ে হঠাৎ করে শিলাবৃষ্টিতে অবাক হয়েছি। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।”

একই এলাকার আরেক আমনচাষি সামছুল হক বলেন, “আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। ”

তিনি আক্ষেপ করে বলেন, “অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?”

বুধবার সকালে কাঠালবাড়ী এলাকার তালুক কালোয়া গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, তার ১৫ শতাংশ জমিতে ধান শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। নিরুপায় হয়ে পচে যাওয়ার ভয়ে কাঁচা ধানই কেটে নিচ্ছেন।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম কৃষি বিভাগের উপ-পরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবির কে কয়েকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

তবে কৃষি বিভাগের কার্যালয়ের তথ্য মতে, জেলায় চলতি মৌসুমে ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। মঙ্গলবারের শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে মাঠ পর্যায় থেকে এখনো কোনো তথ্য আসেনি।

রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র রাতের শিলাবৃষ্টির তথ্য নিশ্চিত করে বলেন, “এ সপ্তাহে আকাশ পরিষ্কার থাকবে। তবে আগামি সপ্তাহে লঘু নিম্নচাপের কারণে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।”