শেরপুরে বেড়েছে শীত, কুয়াশা
সীমান্তবর্তী এ জেলায় কোনো আবহাওয়া অফিস না থাকায় রাত দিনের তাপমাত্রাসহ আবহাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে জানা সম্ভব হচ্ছে না।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির পর শেরপুরে বেড়েছে শীত। প্রতিদিনই বাড়ছে ঘন কুয়াশা। সেই সঙ্গে বয়ে চলেছে হালকা কনকনে বাতাস।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর থেকেই শেরপুরের জনপদ ঘন কুয়াশায় ঢাকা পড়তে দেখা গেছে। তবে সকাল ৯টার পর থেকে সূর্যের দেখা মেলায় কুয়াশা কেটে যেতে শুরু করেছে।
অগ্রহায়ণের মাঝামাঝি সময়েই শেরপুরে দিনে ও রাতে আগের চেয়ে তাপমাত্রা অনেক কমে গেছে। রাতে এবং সকালে শিশিরে ভেজা থাকছে প্রকৃতি।
তবে সীমান্তবর্তী এ জেলায় কোনো আবহাওয়া অফিস না থাকায় রাত দিনের তাপমাত্রাসহ আবহাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে জানা সম্ভব হচ্ছে না।
নারায়ণপুর মহল্লার গৃহবধূ আয়েশা খাতুন বলেন, কুয়াশা, শীত ও ঠান্ডার কারণে কষ্টের পাশাপাশি সকালের দিকে স্বাভাবিক কাজকর্ম করা কঠিন হয়েছে পড়েছে।
পাকুরিয়া এলাকার অটোরিকশা চালক মনজুরুল বলেন, ঠান্ডা এবং শীতের কারণে সকালের দিকে কাজকর্ম করা খুবই কঠিন হয়ে পড়েছে।
শিশু শিক্ষার্থী আলম জানায়, শীত কারণে ভোরে ঘুম থেকে উঠে স্কুলে যেতে কষ্ট হয়।
এদিকে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির কারণে জেলার ক্ষেতগুলোয় আমন ধান কাটায় ভাটা পড়েছিল। সেই বিরূপ অবস্থা কেটে যাওয়ায় শীত উপেক্ষা করে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষি শ্রমিকরা।
চৈতন খিলা বটতলা এলাকার কৃষক খোকন মিয়া বলেন, বৃষ্টির কারণে কয়েকদিন ক্ষেতে নামা যায়নি, এখন ধান না কাটলে ক্ষতির মুখে পড়তে হবে। তাই শীত-কুয়াশার মধ্যেই মাঠে নামতে হচ্ছে।
শেখহাটি মহল্লার কৃষি শ্রমিক আব্বাস, জয়নাল, আলতাফ বলেন, বৃহস্পতিবার ভোররাত থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। একই সঙ্গে ঠান্ডা বাতাসে শীত আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবুও পেটের দায়ে কাজে নামতে হয়েছে।
এদিকে আবহাওয়ার পরিবর্তনের কারণে ডায়রিয়া, সর্দি জ্বরসহ ঠান্ডাজনিত নানা রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়ছেন।
