অগ্রহায়ণের শুরুতেই শেরপুরে জেঁকে বসেছে শীত
শেরপুর জেলায় কোনো আবহাওয়া অফিস না থাকায় আবহাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে সঠিক তথ্য জানা সম্ভব হচ্ছে না।
হেমন্তকালের মাস অগ্রহায়ণের প্রথমেই শেরপুরে শীত জেঁকে বসতে শুরু করেছে। সকাল-সন্ধ্যায় কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জনপথ। সেইসঙ্গে বয়ে চলেছে মৃদু হিমেল হাওয়া।
স্থানীয়রা বলছেন, গত সপ্তাহেও গরমের কারণে রাতে ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে। এখন তাপমাত্রা কমে যাওয়ায় রাতের বেলায় শরীরে কাঁথা ও লেপ মুড়িয়ে ঘুমোতে হচ্ছে।
তবে শেরপুর জেলায় কোনো আবহাওয়া অফিস না থাকায় আবহাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে সঠিক তথ্য জানা সম্ভব হচ্ছে না।
বুধবার সকালে অটোচালক শহিদুল ইসলাম বলেন, “শেরপুরে খুব কুয়াশা ও শীত পড়েছে। শীতে ঠান্ডাও লাগতাছে। গাড়ি চালাইতে ভালো লাগতেছে না। কি আর করা পেটের দায়ে কষ্ট সহ্য করে গাড়ি চালাচ্ছি।”
পথচারী শরীয়ত উল্লাহ বলেন, “দুইদিন আগে শেরপুরে শীত আছিল না। দুদিন ধইরা খুব ভালো শীত পরছে। নেপ পাইরা হারছি (লেপ নামিয়ে ফেলেছি)। “
আরেক পথচারী সুলতান মিয়া বলেন, “পৌষ মাসের শীত অহন আগুন (অগ্রহায়ণ) মাসেই পড়ছে। সকালে কাজকাম করা খুব অসুবিধা।”
প্রাতঃভ্রমণকারী দরবেশ আলী বলেন, “ঠান্ডা তো পড়ছে। কুয়াশাও পড়তাছে। সকালে শিশিরে ভেজা থাকছে প্রকৃতি। শীতে এবং ঠান্ডার কারণে চলাফেরায় কষ্ট হইতাছে।
এদিকে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় এবং সকালে কুয়াশা থাকার কারণে সকালে ওঠা সূর্যের রোদের প্রখরতা এখন আর আগের মতো নেই। বরং কুয়াশামাখা সকালের সোনালী রোদের মিষ্টি পরশ এখন সবার কাছেই প্রিয় হয়ে উঠেছে।
শীতের আমেজের কারণে শেরপুরের রাস্তার ফুটপাতে এবং গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে ভাপা ও চিতইসহ শীতের নানা ধরনের পিঠার দোকানও বসেছে। আবার অনেকেই শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছেন।
শেরপুর পৌরসভার শেখহাটি মহল্লার বাসিন্দা রমজান আলী বলেন, “অগ্রহায়ণ মাস পড়ছে। কুয়াশার চাপ বেশি। শীতে ঠান্ডা লাগতাছে। শীত কুলাইতে না পাইরা পোলাপান মিয়া আগুন তাপাইতাছি।”
শেখহাটি বাজারের নৈশ প্রহরী আবুল কালাম বলেন, “আগুন মাস। কুয়াশা পড়ছে, শীত বেশি পড়ছে। রাইতে ডিউটি করা খুব অসুবিধা।“
পাকুরিয়া এলাকার বৃদ্ধা মরিয়ম বলেন, “ঠান্ডা ও কুয়াশা পড়ছে। শীতে আমগোরে বেশি কষ্ট হইতাছে। ”
অবসরপ্রাপ্ত ডাক বিভাগের কর্মচারী সামিদুল ইসলাম বলেন, “ঠান্ডার কারণে জ্বর-কাশি হইতাছে।”
হঠাৎ করেই শীত জেঁকে বসেছে জানিয়ে শেখহাটি বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, “দুইদিন আগে রাইতের বেলায় ফ্যান ছাইড়া ঘুমাইছি। অহন লেপ-খেতা গায়ে দিয়া ঘুমাইতাছি। ”
এদিকে হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই সর্দি-জ্বর এবং ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
শেরপুরের সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ শাহীন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি-জ্বর এবং ঠান্ডাজনিত রোগ-বালাই হতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই।
“তবে এই সময়ে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের একটু সতর্ক থাকতে হবে। যাতে ঠান্ডা না লাগে। এ ছাড়া যাদের শ্বাসকষ্ট, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদেরও সতর্ক হতে হবে। গরম কাপড় পরা এবং কুসুম গরম পানি পান করতে হবে।”
ঠান্ডার জন্য খুব বেশি অসুবিধা হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্যও তিনি পরামর্শ দিয়েছেন।
