২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ইঞ্জিনচালিত ২ নৌকার সংঘর্ষে জেলে নিহত

সংঘর্ষে দুই নৌকার মাঝে পড়ে মারাত্মকভাবে আহত হন রুবেল।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 06:45 PM

Updated : 04 Feb 2023, 06:45 PM

বরগুনার পাথরঘাটা উপজেলায় মাছ ধরার সময় দুই ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার জিনতলা নামক গ্রামের কাছে বিষখালী নদীতে এ ঘটনা ঘটে বলে জানান পাথরঘাটা থানার ওসি শাহআলম হাওলাদার।

নিহত রুবেল (৩০) জিনতলা গ্রামের আবদুল কাদের মিয়ার ছেলে। রুবেলের পরিবারে স্ত্রী ও প্রতিবন্ধী এক ছেলেসহ দুই সন্তান আছে। 

ওসি শাহআলম হাওলাদার জানান, শুক্রবার রাতে নদীতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরছিলেন রুবেল ও তার বাবা আবদুল কাদের। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে তাদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে রুবেল সেটি পরীক্ষা করছিলেন।

এ সময় চান মিয়া গাজির ইঞ্জিনচালিত নৌকা তাদের নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে রুবেল দুই নৌকার মাঝে পড়ে মারাত্মকভাবে আহত হন।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে রাত ২টায় তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

তবে এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি।