গাইবান্ধায় জমির বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
এ ঘটনায় আহত তিনজন গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমির বিরোধে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ; এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন।
নিহত জাহাঙ্গীর আলম (৩৫) ওই গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- ওই গ্রামের সোনা মিয়া (৩২), মাসুদ মিয়া (২৮) ও হাফিজুর রহমান (৩০)।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি সাজ্জাদ হোসেন বলেন, একই গ্রামের কবিরাজপাড়ার একটি গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলছিল জাহাঙ্গীর।
তিনি বলেন, এর জেরে দুপুরে তালুকজামিরা বাজারের দক্ষিণে জাহাঙ্গীর আলমের সঙ্গে ওই গোষ্ঠীর কথাকাটাকাটি হয়।
“এক পর্যায়ে তাদের লোকজন জাহাঙ্গীরকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।”
ওসি আরও বলেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন; হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
