কুমিল্লায় যুবদলের কর্মসূচি: লাঠিপেটা-সংঘর্ষ, আটক ১০
যুবদলের ভাষ্য, পুলিশ হঠাৎ তাদের মিছিলে লাঠিপেটা শুরু করে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লা নগরীতে যুবদলের কর্মসূচি ঘিরে পুলিশ ও সংগঠনটির সদস্যরা সংঘর্ষে জড়িয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
সংঘর্ষে যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।
শুক্রবার বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
যুবদল নেতাকর্মী ও স্থানীয়রা জানান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল। ব্যানার নিয়ে যুবদলের মিছিলটি দলীয় কার্যালয় থেকে কান্দিরপাড়ের দিকে যেতে তাদেরকে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সদস্যদের লাঠিপেটা করতে দেখা গেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, “আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা মিছিল নিয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশ আমাদেরকে বাধা দেয়।
“এ সময় পুলিশ হঠাৎ আমাদের লাঠিপেটা শুরু করে। এ ঘটনায় আমি নিজেসহ আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে।”
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ভিক্টোরিয়া কলেজ রোড ও কান্দিরপাড় এলাকায় পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিল। পুলিশ যুবদলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে।
“এ সময় যুবদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পরে আত্মরক্ষার্থে পুলিশ যুবদলকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।”
এ সময় পুলিশের ওপর হামলার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কান্দিরপাড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
