৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দলীয় কর্মসূচিতে না থাকায় শ্রীমঙ্গলে যুবদল নেতা বহিষ্কার

উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বিষয়টি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রের প্রতি অনুরোধ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 08:21 PM

Updated : 30 Oct 2026, 08:21 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সতর্ক করার পরও পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দলথেকে বহিষ্কার করা হয়েছে।

তবে মহিউদ্দিন ঝাড়ু বলছেন, পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে বৃহস্পতিবার মৌলভীবাজারে জেলা যুবদলের কর্মসূচিতে তিনি উপস্থিত থাকতে পারেননি। নিজে যেতে না পারলেও শ্রীমঙ্গল থেকে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে পাঠানোর জন্য একাধিক বৈঠক করে নেতাকর্মীদের উৎসাহিত করেছেন। মৌলভীবাজারে যাওয়ার গাড়িও ঠিক করে দিয়েছেন।

মহিউদ্দিন ঝাড়ু বলেন, “জেলার কর্মসূচিতে যেতে পারিনি, এটা সত্য। এটা আমারই ভুল। তবে আমার সংগঠন বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে আশা করি।”

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্যসচিব টিটু আহমদ বলেন, “ঝাড়ু ভাইয়ের মেয়ে অসুস্থ ছিল। এ ছাড়া তার নিজ বাড়িতে একজন নারী মারা যাওয়ায় তিনি যেতে পারেননি। তবে তিনি আমাদের বাস ঠিক করে দিয়েছেন। আমরা শ্রীমঙ্গল থেকে ছয়টি বাস নিয়ে মৌলভীবাজারের অনুষ্ঠানে যোগ দিয়েছি।”

তিনিও বিষয়টি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানান।