০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মদ পানের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড, বহিষ্কার

১৫ দিনের দণ্ড পাওয়া আলী আহমেদ রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 08:47 PM

Updated : 04 Nov 2026, 08:47 PM

মদ পানের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক।

দণ্ড পাওয়া আলী আহমেদ রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

মঙ্গলবার রাতে মদপানের অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে ডোপ টেস্টে তার শরীরে ‘অ্যালকোহলের উপস্থিতি’ পাওয়া যায় বলে জানান আব্দুল্লাহ বিন শফিক।

তিনি বলেন, “ডোপ টেস্টে ওই ব্যক্তির অ্যালকোহল সেবনের সত্যতা পাওয়া গেছে। পরে তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।”

এদিকে মদ পানের ঘটনায় আটক হওয়ার পর আলী আহমেদকে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, “দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

“বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের সঙ্গে সংগঠনের কেউ জড়িত হলে তাকেও যে ছাড় দেওয়া হয় না, এ ঘটনা তারই প্রমাণ।”