চাঁদাবাজির অভিযোগে জাবি ছাত্রদলের নেতাকে সংগঠন থেকে বহিষ্কার
চাকরি দেওয়ার নামে অর্থ আদায় ও চাঁদাবাজির অভিযোগে সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে।
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠন।
বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সেলিম রেজাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে সেলিম রেজার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ আদায়, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, বিশ্ববিদ্যালয়ের পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি, মারধর ও যানবাহন আটকে রাখার অভিযোগ ওঠে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি কার্টের মালিকের কাছে চাঁদা দাবি এবং ছাত্রদল নেতার বোনের বাড়ি দখলের চেষ্টার অভিযোগেও তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ তোলেন।
