কুমিল্লা ইপিজেডে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে এক যুবক আটক
অভিযানে আরও ৩৮৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টিতে উসকানি দেওয়ার অভিযোগে এক যুবককে আটকের খবর দিয়েছে পুলিশ।
সোমবার রাতে কুমিল্লা ইপিজেড এলাকা থেকে তাকে আটক করা হয় বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানিয়েছেন।
আটক ২৬ বছর বয়সী ওই যুবকের নাম মাসুদ রানা।
লুৎফর রহমান বলেন, “মাসুদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে, ম্যাসেজ আদান প্রদান করে এবং এলাকায় উপস্থিত হয়ে শ্রমিকদের আন্দোলনে ‘উসকানি’ দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।”
এছাড়া জেলার ১৮টি থানা এলাকায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক কারবারি, মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত আসামিসহ আরও ৩৮৪ জনকে আটক করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফেরানো এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে।”
কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর জানিয়ে করে তিনি বলেন, অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
