০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মিরপুরে শ্রমিক অসন্তোষ: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০

বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 07:41 PM

Updated : 02 Nov 2026, 07:41 PM

রাজধানীর মিরপুরে তিন দিন ধরে চলা পোশাক শ্রমিক বিক্ষোভের ঘটনায় বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়েছে।

সোমবার দুপুর ২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মামলায় ৬০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার বলেন, রোববার দুপুর ২টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৬০ জন।

“মামলা অলরেডি পাঁচটা হয়েছে, আরও বাড়বে। গতকাল (রোববার) যারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদের মধ্যে ১৯ জনকে আদালতে পাঠানো হয়েছে।”

বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা।

শনিবার মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শুরুতে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ হলেও পরে তা সড়কে ছড়িয়ে পড়ে।

রোববার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কেন্দ্র করে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

পরপর দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর সোমবার অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর ১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যেই এদিন মিরপুর ১৪ নম্বর সড়কে নামার চেষ্টা করেন শ্রমিকরা। পরে তাদের ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় পুলিশ।