নীলফামারীতে আসামিকে ছাড়াতে এসপি কার্যালয়ের সামনে হট্টগোল, আটক ২০
সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
নীলফামারীতে মাদক মামলার এক আসামিকে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে হট্টগোলের ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।
শনিবার বিকাল ৩টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি জিল্লুর রহমান।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা শাখা-ডিবির একটি দল সৈয়দপুর থেকে সুজন ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে। তিনি ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে সুজনকে আদালতে নেওয়ার সময় তার স্বজন ও স্থানীয়রা পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হন। তারা সুজনকে ছেড়ে দেওয়ার দাবিতে হট্টগোল করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে।
সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, “সুজন ইসলামকে আদালতে নেওয়ার সময় কয়েকজন হট্টগোল করে পুলিশের কাজে বাধা দেন। পরে তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”
আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি।
পুলিশের নথি অনুযায়ী, সুজনের বিরুদ্ধে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নীলফামারী সদর থানায় ২০১৮ ও ২০২১ সালে এবং দারুস সালাম থানায় ২০২১ সালে মামলা করা হয়। একটি মামলায় তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
তবে স্থানীয় মঞ্জু, সামিউল ও আবু সামাদসহ কয়েকজনের দাবি, সুজন শান্ত স্বভাবের ছেলে। একটি চক্র তাকে অন্যায়ভাবে মাদক মামলায় জড়িয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে সুজনের মুক্তির দাবি জানান।
