২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে হাতি দিয়ে দোকান ও রাস্তায় ‘চাঁদাবাজি’

হাতিকে টাকা না দিলে কোনো যানবাহন চলাচল করতে পারে না; আবার টাকা কম দিলে না নেওয়ার অভিযোগও রয়েছে হাতি পরিচালকের বিরুদ্ধে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 06:43 PM

Updated : 05 Mar 2024, 06:43 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সড়কের পাশে দোকান ও চলাচলকারী যানবাহনে দুটি হাতি দিয়ে কিশোর ও যুবককে চাঁদা তুলতে দেখা গেছে।

হাতিকে টাকা দেওয়া ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারে না; আবার টাকা কম দিলে না নেওয়ার অভিযোগও রয়েছে হাতির পরিচালকের বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সোমবার সকাল থেকে উপজেলার বলড়া বাজার, কান্ঠাপাড়া, উপজেলা চত্বর,  লেছড়াগঞ্জ বাজার, লাউতা, দিয়াবাড়ি ও চালা বাজারসহ হরিরামপুর-ঝিটকা আঞ্চলিক সড়কে এমন চিত্র করতে দেখা গেছে।

উপজেলার কান্ঠাপাড়া বাজারের মিষ্টির দোকানি সুশান্ত মণ্ডল বলেন, “সকাল ৯টার দিকে হাতির পিঠে চড়ে দুজন আমাদের বাজারে টাকা তোলেন। আগেও তারা কয়েকবার এসেছিল।”

লেছড়াগঞ্জ বাজারের প্রীতি ইলেকট্রনিকসের মালিক আব্দুল আজিজ বলেন, “কদিন পর পর এসে হাতি দিয়ে দোকানে টাকা তোলেন তারা। টাকা না দিলে দোকানের সামনে হাতি দাঁড়িয়ে থাকে। এছাড়া সড়কের ইজিবাইক থামিয়ে টাকা তোলে। এতে যানজট বেঁধে যায়; দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়।”

ইজিবাইক চালক অসিম মিয়া জানান, দিয়াবাড়ি এলাকায় এক ইজিবাইক চালকের সঙ্গে হাতি পরিচালকের প্রায় মারামারি বেঁধে গিয়েছিল। সড়কের মাঝখানে হাতি দিয়ে গাড়ি থামিয়ে তারা টাকা দাবি করেন।

হাতির পরিচালক ফরিদ বলেন, “দোহার উপজেলার নুরুল্লাপুর মেলায় গিয়েছিলাম। ফরিদপুর যাচ্ছি। আর যে যা দেয় নিচ্ছি।”

হরিরামপুর থানা ওসি শাহ নুর এ আলম বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। কেউ অভিযোগও করেনি।”