জকিগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত
বাড়ির পুকুরের মাছ ধরা নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে ঝগড়া হয়; যার জেরে ছুরিকাঘাতে একজন মারা যায়।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় কিশোর চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আরেক কিশোর প্রাণ হারিয়েছে।
রোববার সন্ধ্যায় সুলতানপুর ইউনিয়নের মাজবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনসুর আহমদ (১৪) মাজবন্দ গ্রামের প্রয়াত আব্দুস সালামের ছেলে।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, মাজবন্দ গ্রামে নিজেদের বাড়ির পুকুরের মাছ ধরা নিয়ে মনসুর ও তার চাচাতো ভাইয়ের (১৫) মধ্যে ঝগড়া হয়।
“ঝগড়ার এক পর্যায়ে চাচাতো ভাই উপর্যুপরি ছুরিকাঘাত মনসুরকে।”
ওসি বলেন, মনসুরের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য শামিম আহমদ স্থানীয়দের সহায়তায় চাচাতো ভাইকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। চাচাতো ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে।
